রামিসা হত্যা মামলার চার্জশিট দ্রুত দাখিল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

জাতীয়

2026-05-21T17:01:47+06:00
2026-05-21T17:01:47+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
রামিসা হত্যা মামলার চার্জশিট দ্রুত দাখিল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৫:০১ পিএম 
রামিসা হত্যা মামলার চার্জশিট দ্রুত দাখিল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করে শিগগিরই চার্জশিট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সাম্প্রতিক বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে। দ্রুত তদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিলের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “আমাদের দায়িত্ব অপরাধীদের আইনের আওতায় আনা। বিচার ও শাস্তির বিষয়টি আদালত নিশ্চিত করবে। আমরা আশা করছি, এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে।”

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা অনেক পেশাদার অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন আলোচিত মামলার আসামিদেরও আইনের আওতায় আনা সম্ভব হয়েছে বলে জানান তিনি।


তিনি বলেন, রামিসা হত্যা, আছিয়া ও তনু হত্যাকাণ্ড, বগুড়ায় তরুণী ধর্ষণ এবং গাজীপুরের আলোচিত ফাইভ মার্ডারসহ সাম্প্রতিক ঘটনাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।

পুলিশ বাহিনীর সংস্কারের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে এবং পুলিশ সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পশ্চিমবঙ্গে নাগরিকত্ব ইস্যুতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

এছাড়া, পলাতক আওয়ামী লীগ নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা চাই আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনা দেশে ফিরে আসুন।”

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]