অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো এই পরাজয়কে বড় অঘটন ও লজ্জাজনক হার হিসেবে তুলে ধরেছে। অন্যদিকে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম বাংলাদেশের জয়কে টেস্ট ক্রিকেটের অন্যতম বড় চমক হিসেবে দেখেছে।
অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ার পরাজয়কে ‘গবস্ম্যাকিং শ্যাম্বলস’ হিসেবে বর্ণনা করেছে, যার অর্থ চরম হ-য-ব-র-ল অবস্থা। রবার্ট ক্র্যাডকের প্রতিবেদনে বাংলাদেশের কাছে ৯ উইকেটের হারকে টেস্ট ইতিহাসের অন্যতম বড় অঘটন এবং অস্ট্রেলিয়ার অন্যতম লজ্জাজনক পরাজয় বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ১২ মাসে ২০ টেস্ট খেলার দীর্ঘ যাত্রার শুরুতেই বিপর্যয়ের মুখে পড়েছে অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিনের সেঞ্চুরি ম্যাচের ফল কিছুটা বিলম্বিত করলেও বাংলাদেশের জয় ঠেকাতে পারেনি। মারারা স্টেডিয়ামের উইকেটের প্রশংসা করে দ্য অস্ট্রেলিয়ান জানায়, ব্যাট-বলের লড়াইয়ের জন্য পিচটি ছিল চমৎকার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সর্বশেষ দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা অস্ট্রেলিয়া নিজেদের শেষ ২৩ টেস্টের ১৮টিতেই জিতেছিল। বিপরীতে এশিয়ার বাইরে নিজেদের সর্বশেষ ২৬ টেস্টের ২২টিতেই হেরেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া সফরের আগে জিম্বাবুয়ে ও ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষেও ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা। সেই দলই শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়েছে।
অস্ট্রেলিয়ার আরেক সংবাদমাধ্যম হেরাল্ড সান শিরোনাম করেছে ‘ডিজাস্টার ইন ডারউইন’। সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরাও এই পরাজয়কে অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানও বাংলাদেশের জয়কে অস্ট্রেলিয়ার জন্য অপমানজনক হার হিসেবে উল্লেখ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়, ক্যামেরন গ্রিনের সেঞ্চুরির পরও অস্ট্রেলিয়াকে টেস্ট ইতিহাসের অন্যতম বড় ও লজ্জাজনক পরাজয়ের স্বাদ দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৮৪ রানে অলআউট করে বাংলাদেশ পায় ৫৭ রানের লক্ষ্য, যা এক উইকেট হারিয়েই পেরিয়ে যায় সফরকারীরা।
দ্য গার্ডিয়ানের মতে, ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ আধিপত্য ধরে রেখেছিল এবং কোনো পর্যায়েই অস্ট্রেলিয়াকে স্বস্তিতে থাকতে দেয়নি। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয় হওয়ায় ম্যাচটি ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে।
বিবিসি স্পোর্টও ডারউইনে বাংলাদেশের ৯ উইকেটের জয়কে টেস্ট ক্রিকেটের অন্যতম বড় অঘটন হিসেবে তুলে ধরেছে। সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য কীর্তির কথা উল্লেখ করেছে তারা।
বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের কথাও প্রতিবেদনে এসেছে। ঐতিহাসিক জয়ের কয়েক দিন আগে ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এর আগে জুনে হারারেতেও জিম্বাবুয়ের বিপক্ষে পরাজিত হয়েছিল তারা। সেই বাংলাদেশই এবার অস্ট্রেলিয়ার মাটিতে লিখেছে নিজেদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধ্যায়।
এদিকে ব্যঙ্গাত্মক ক্রিকেট পোস্টের জন্য পরিচিত আইসল্যান্ড ক্রিকেটও বাংলাদেশের জয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করেছে। ইংল্যান্ডকে খোঁচা দিয়ে তারা লিখেছে, গত ১৫ বছরে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মাটিতে যতগুলো টেস্ট জিতেছে, বাংলাদেশ এখন অস্ট্রেলিয়ায় ততগুলো টেস্ট জয়ের মালিক।
সব মিলিয়ে ডারউইনে বাংলাদেশের ৯ উইকেটের জয় শুধু দুই দলের একটি টেস্ট ম্যাচের ফলেই সীমাবদ্ধ থাকেনি, আন্তর্জাতিক ক্রিকেটেও এটি আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। চার দশকের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় বাংলাদেশের ক্রিকেটে যোগ করেছে অবিস্মরণীয় এক অধ্যায়, যা এখন আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রশংসিত হচ্ছে।
জ/উ