ভারতের আসন্ন বাংলাদেশ সফর ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী মাসে ঢাকায় সফরে আসতে ভারতীয় দল আগ্রহী নয় বলে জানিয়েছে ক্রিকবাজ। ওই সময়ে আফগানিস্তানকে আতিথ্য দেওয়াতেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বেশি গুরুত্ব দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূচি অনুযায়ী, আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ভারতের। সিরিজ আয়োজনের বিষয়ে ভারত সম্মত হয়েছে।
অন্যদিকে, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ২৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা ভারতের। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ১ থেকে ১৩ সেপ্টেম্বর দুই দলের মধ্যে ছয় ম্যাচের সাদা বলের সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে বাংলাদেশ সফরের মাত্র তিন সপ্তাহেরও কম সময় আগে আফগানিস্তানের বিপক্ষে ভারতের সিরিজের সূচি সামনে আসায় পূর্বনির্ধারিত বাংলাদেশ সিরিজ নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। ফলে ভারতীয় ক্রিকেট দল শেষ পর্যন্ত বাংলাদেশ সফরে আসবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে আলোচনা চলছে। সোমবার রাতে ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই বিষয়ে আলোচনা হচ্ছে।’
ভারত সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশ সফর করেছিল। ওই সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারত ২-০ ব্যবধানে জয় পায়। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে ভারতকে হারায়।
জ/উ