মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে দেশের জনগণ আর সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন শেখ হাসিনা। তাঁর দাবি, এ কারণেই তিনি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের পরিবারকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র করেছেন।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো। একটি পরিবারকে নানাভাবে বিপর্যস্ত করার জন্য কোনো কিছু বাদ রাখেননি পলাতক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা।’
রিজভীর অভিযোগ, মুক্তিযোদ্ধা পরিবার হওয়ার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরিদের পরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা করেছিল ফ্যাসিবাদী সরকার। তাঁর ভাষায়, শেখ হাসিনা কোনোভাবেই জিয়া পরিবারের দেশপ্রেম বরদাশত করেননি।
তিনি আরও বলেন, এখন সে জনগণের ধাওয়া খেয়ে পালিয়েছে। মুক্তিযুদ্ধবিরোধী শক্তির বিষয়ে রিজভী বলেন, জনগণ আর কোনো মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে সুযোগ দেবে না।
জ/উ