দ্বিতীয়বারের মতো মা হওয়ার অপেক্ষায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ থেকে বিরতি নেননি তিনি। বরং গর্ভাবস্থার অষ্টম মাসে এসেও শুটিং চালিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী।
দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলি পরিচালিত সিনেমা ‘রাকা’র শুটিং শেষ করতেই বর্তমানে ব্যস্ত দীপিকা। আগামী বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসির সমন্বয়ে নির্মিত এ সিনেমায় বড় পরিসরের লড়াইয়ের দৃশ্যও থাকছে।
‘রাকা’য় আল্লু অর্জুনের পাশাপাশি অভিনয় করছেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুর। সিনেমাটি নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
এদিকে দীপিকার হাতে রয়েছে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমাটিও। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবিতে শাহরুখ ও দীপিকার সঙ্গে অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, অভয় ভার্মা, সৌরভ শুক্ল ও রানি মুখার্জি। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আগামী মাসেই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে পারেন দীপিকা। তাই ‘কিং’ সিনেমায় নিজের অংশের শুটিং নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে তার। প্রয়োজন হলে রাত পর্যন্ত সেটে থেকেও কাজ করছেন অভিনেত্রী।
দীপিকার এমন পেশাদার মনোভাব ও কাজের প্রতি নিষ্ঠায় সিনেমাটির পুরো টিম মুগ্ধ বলে জানিয়েছে সূত্রটি। শুটিংয়ের প্রয়োজনে দীর্ঘ সময় সেটে থেকেও তিনি দায়িত্ব পালন করছেন।
জ/উ