দক্ষিণী সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। মুক্তির আগে প্রকাশিত সিনেমাটির ট্রেলার ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ৪ মিনিট ৩২ সেকেন্ডের ট্রেলারে ‘রকিভাই’খ্যাত কন্নড় তারকা যশকে দেখা গেছে একের পর এক বিস্ফোরক দৃশ্যে।
কন্নড় সিনেমার গ্লোবাল আইকন হিসেবে পরিচিত যশকে এবার পর্দায় দেখা যাবে ভিন্ন এক রুদ্র ও ভয়ংকর অবতারে। ৮ আগস্ট সিনেমাটির অফিসিয়াল ট্রেলার প্রকাশ করা হয়। প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই প্রায় দেড় কোটি দর্শক ট্রেলারটি দেখেছেন।
গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটি আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ট্রেলারের শুরুতেই দেখা যায় বেপরোয়া তাণ্ডবের দৃশ্য। এরপর গ্যাংস্টার ড্রামা, জটিল সম্পর্কের টানাপোড়েন এবং যশের দ্বৈত চরিত্রের চমক গল্পের রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।
ট্রেলারে যশকে সম্পূর্ণ ভিন্ন দুটি চরিত্রে দেখা গেছে। এক চরিত্রে তার লম্বা চুল, অন্যটিতে ধারালো দাড়ি ও ছোট চুল। সিনেমায় দুই ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ভিন্ন আদর্শে বিশ্বাসী এই দুই ভাই একসময় রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়ে।
যশের এই নতুন রূপ তার আগের পর্দার চরিত্রগুলোকেও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন ভক্তরা। ফলে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।
সিনেমায় সার্কাস শিল্পীর চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। তার চরিত্রের মাধ্যমে গল্পে রোমান্সের আবহ তৈরি হলেও সেই সম্পর্ককে সাধারণ প্রেমের গল্প হিসেবে দেখানো হয়নি। নায়কের জীবনে আসা অন্য নারীদের সঙ্গেও তার সম্পর্ককে জটিল ও বিপজ্জনকভাবে উপস্থাপন করা হয়েছে।
ট্রেলারে আরও দেখা গেছে নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্তকে। তাঁদের উপস্থিতি অল্প সময়ের হলেও চরিত্রগুলোকে ঘিরে রহস্যের আবহ তৈরি হয়েছে।
‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর সাফল্যের পর ‘টক্সিক’ যশের প্রথম মুক্তিপ্রতীক্ষিত সিনেমা। এর পর চলতি বছরের নভেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা নীতীশ তিওয়ারির পৌরাণিক সিনেমা ‘রামায়ণ’-এ রাবণের চরিত্রে দেখা যাবে তাকে। ওই সিনেমায় রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর এবং সীতার চরিত্রে রয়েছেন সাই পল্লবী।
জ/উ