নিরাপদ খাদ্য উৎপাদন, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এগ্রোইকোলজির গুরুত্ব তুলে ধরে নেত্রকোণায় অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন পরিষদের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক (BARCIK) ও গ্রিন কোয়ালিশন কমিটির উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, স্থানীয় সরকার প্রতিনিধি, যুবসমাজ, সমাজকর্মী, ও সাংবাদিকেরা অংশ নেন। এতে এগ্রোইকোলজি বা পরিবেশবান্ধব কৃষিব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। নিরাপদ খাদ্য উৎপাদন ও গ্রহণ, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন আলোচকেরা।
আলোচনায় নিরাপদ কৃষিচর্চার প্রসার এবং কৃষি ও পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল হক, বারসিক নেত্রকোনার প্রোগ্রাম অফিসার রোখসানা রুমি এবং সাংবাদিক মো. নাজমুল ইসলাম।
এ ছাড়া আশুজিয়া কৃষক সংগঠনের আবুল কালাম, মমতা আক্তার ও মনা এবং কুসুম কলি সংগঠনের তাহমিনা আক্তার, ফচিকা, মনি আক্তার ও শেফালী আক্তারসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।