দেশে প্রজনন হারে শীর্ষে ভোলা, সবচেয়ে কম বাগেরহাটে

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-25T17:04:54+06:00
2026-11-25T17:04:54+06:00
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
দেশে প্রজনন হারে শীর্ষে ভোলা, সবচেয়ে কম বাগেরহাটে
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:০৪ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
Advertisement
দেশের ৬৪ জেলার মধ্যে মোট প্রজনন হার (টিএফআর) সবচেয়ে বেশি বরিশাল বিভাগের ভোলায়। জেলাটিতে এ হার ৩ দশমিক ৫০। অন্যদিকে, সবচেয়ে কম প্রজনন হার খুলনা বিভাগের বাগেরহাটে, মাত্র ১ দশমিক ৫০।

গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫: ডিস্ট্রিক্ট অ্যাটলাস’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ৩১৭ পৃষ্ঠার প্রতিবেদনটিতে দেশের বিভিন্ন জেলার প্রজনন হার ও বাল্যবিবাহের চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জাতীয় পর্যায়ে বাংলাদেশের মোট প্রজনন হার ২ দশমিক ৪০। ভোলার পর সর্বোচ্চ প্রজনন হার মাদারীপুরে, ৩ দশমিক ৩০। এ ছাড়া নোয়াখালীতে ৩ দশমিক ০০ এবং লক্ষ্মীপুর, সুনামগঞ্জ ও বরিশালে ২ দশমিক ৯০ করে।

অন্যদিকে, তুলনামূলক কম প্রজনন হারের জেলাগুলোর মধ্যে রয়েছে যশোর, রাজবাড়ী ও নওগাঁ। এসব জেলায় টিএফআর ১ দশমিক ৭০। আর সর্বনিম্ন হার বাগেরহাটে, ১ দশমিক ৫০।

বিভাগভিত্তিক হিসাবে, প্রজনন হারে শীর্ষে রয়েছে বরিশাল বিভাগ। সেখানে এ হার ২ দশমিক ৬০। চট্টগ্রামে ২ দশমিক ৫০, ময়মনসিংহ ও সিলেটে ২ দশমিক ৪০, রংপুরে ২ দশমিক ৩০, ঢাকা ও রাজশাহীতে ২ দশমিক ২০ এবং খুলনায় ২ দশমিক ০০।

প্রতিবেদনে বাল্যবিবাহের ক্ষেত্রেও জেলাভিত্তিক বড় ধরনের পার্থক্যের চিত্র উঠে এসেছে। ২০২৫ সালের জরিপ অনুযায়ী, ১৫ থেকে ১৯ বছর বয়সী বর্তমানে বিবাহিত নারীর হারে দেশের জেলাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে জয়পুরহাট। জেলাটিতে এ বয়সী নারীদের ৫৭ দশমিক ৪ শতাংশ বর্তমানে বিবাহিত।

অন্যদিকে, একই বয়সী নারীদের মধ্যে বর্তমানে বিবাহিত থাকার হার সবচেয়ে কম সিলেটে, ১৪ দশমিক ৩ শতাংশ।

জয়পুরহাটের পর এ তালিকায় রয়েছে সাতক্ষীরা। জেলাটিতে ১৫ থেকে ১৯ বছর বয়সী বর্তমানে বিবাহিত নারীর হার ৫৪ দশমিক ৮ শতাংশ। এ ছাড়া কুষ্টিয়ায় ৫২ শতাংশ, মেহেরপুরে ৫১ দশমিক ৫ শতাংশ এবং মানিকগঞ্জে ৫০ দশমিক ৬ শতাংশ।

প্রতিবেদনের এসব পরিসংখ্যান দেশের বিভিন্ন অঞ্চলে প্রজনন হার ও বাল্যবিবাহের ক্ষেত্রে বিদ্যমান ভিন্ন চিত্র তুলে ধরেছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত