আন্তর্জাতিক মানের পরীক্ষাগার ও নিরাপদ খাদ্য নিশ্চিতের তাগিদ খাদ্যমন্ত্রীর

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-25T16:59:27+06:00
2026-11-25T16:59:27+06:00
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
আন্তর্জাতিক মানের পরীক্ষাগার ও নিরাপদ খাদ্য নিশ্চিতের তাগিদ খাদ্যমন্ত্রীর
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:৫৯ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
Advertisement
খাদ্য নিরাপদ না হলে মানুষের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে না। আর মানুষ সুস্থ না থাকলে ব্যবসা, অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনাও টেকসই হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, এমপি। তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু খাদ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব নয়। এ জন্য কৃষি, বাণিজ্যসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আজ বুধবার সকালে রাজধানীর ফার্মগেটে তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে The Association of Testing Laboratories Bangladesh (ATLB) আয়োজিত ‘Made in Bangladesh, Tested to Global Standards: The Role of Accredited Laboratories in Export Growth’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম ২০১৩ সালে শুরু হলেও মাঝখানে নানা সীমাবদ্ধতার কারণে প্রতিষ্ঠানটি প্রত্যাশিতভাবে বিকশিত হতে পারেনি। বর্তমান সরকার প্রতিষ্ঠানটিকে আরও সক্ষম ও কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, রপ্তানিমুখী পণ্যের মান নিশ্চিত করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহ করতে হবে। রপ্তানির জন্য মানসম্মত পণ্য উৎপাদন করে দেশের বাজারে নিম্নমানের পণ্য সরবরাহ করা গ্রহণযোগ্য নয়। বিশেষ করে শিশুদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সততা, সচেতনতা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।

খাদ্যমন্ত্রী আরও বলেন, ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরীক্ষার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবার সময়সীমা সংক্ষিপ্ত করা প্রয়োজন। ফাইল প্রক্রিয়াকরণ ও সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘ সময় লাগায় ব্যবসায়ীরা সমস্যায় পড়েন। এসব জটিলতা নিরসনে সরকার কাজ করছে।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ধারাবাহিক আলোচনা ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বাণিজ্য, কৃষিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রতিষ্ঠান ও অংশীজনদের নিয়ে আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে বলে জানান তিনি। সংশ্লিষ্টদের প্রস্তাব যাচাই করে দেশের স্বার্থে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

জাইকার অর্থায়নে ঢাকা, খুলনা ও চট্টগ্রামে তিনটি পরীক্ষাগার স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকার পরীক্ষাগারটি আশুলিয়ায় এবং চট্টগ্রামেরটি হালিশহরে স্থাপনের পরিকল্পনা রয়েছে। আগামী তিন বছরের মধ্যে পরীক্ষাগারগুলো পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে খাদ্য পরীক্ষার ক্ষেত্রে অন্য প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা কমবে। একই সঙ্গে দ্রুত পরীক্ষার ফলাফল পাওয়া সম্ভব হবে।

তিনি বলেন, বিদ্যমান পরীক্ষাগারগুলোর সক্ষমতার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি রপ্তানি বাজারের চাহিদা অনুযায়ী কীটনাশকের অবশিষ্টাংশ, রাসায়নিক উপাদান, ভারী ধাতু, মাইকোটক্সিন ও অণুজীব পরীক্ষার সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

সরকারি ও বেসরকারি পরীক্ষাগার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এবং ভোক্তা অধিকার সংরক্ষণসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, একই পণ্য বিভিন্ন প্রতিষ্ঠানে বারবার পরীক্ষা করাতে গিয়ে ব্যবসায়ীদের সময় ও অর্থ ব্যয় হয়। এ ধরনের পুনরাবৃত্তি ও জটিলতা কমিয়ে সমন্বিত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সততা, জবাবদিহি ও নৈতিকতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অর্থের বিনিময়ে পরীক্ষার প্রতিবেদন প্রভাবিত করা কিংবা অনৈতিকভাবে সনদ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খাদ্যে ভেজাল ও অনিয়ম প্রতিরোধে কার্যকর আইন প্রয়োগের পাশাপাশি অপরাধের জন্য কঠোর ও বাস্তবসম্মত শাস্তির বিধান থাকা প্রয়োজন। ব্যবসায়ীদের বিবেক, নৈতিকতা ও দায়িত্ববোধ থেকেই খাদ্যের মান নিশ্চিত করতে হবে।

মন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী, পরীক্ষাগার, বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা, সমন্বিত উদ্যোগ ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে দেশে নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

সেমিনারে কি-নোট উপস্থাপন করেন অধ্যাপক নোমান ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহসান হাবীব। এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, পণ্য পরীক্ষার ব্যয় যেন পণ্যের মূল্যবৃদ্ধির কারণ না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সেমিনারে সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে খাদ্যমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত