কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দীর্ঘদিনের নীরবতা ভেঙে জেলার মুকসুদপুরে দলীয় কার্যালয় খুলে বিক্ষোভ মিছিল করেছেন। আজ রোববার (২২ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুকসুদপুর পৌরসভার বিভিন্ন সড়কে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মদ মুক্তসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর দলীয় কার্যালয় খুলে নেতাকর্মীরা মুকসুদপুরে শ্লোগান দিয়ে মিছিল করায় জনমনে চান্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, দলীয় কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা প্রথমে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দলীয় ব্যানার টানিয়ে দেয়। পরে কার্যালয় থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন শ্লোগানে মুখর হয়ে ওঠে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো।