আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের বিচার ট্রাইব্যুনালে হবে কি না, সেটিও সরকার খতিয়ে দেখছে বলে জানান তিনি।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরে ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, গোপালগঞ্জে তাণ্ডব চালিয়ে আওয়ামী লীগ ভেবেছিল, সরকারও তাদের মতো গুলি চালাবে। তবে বর্তমান সরকার তাদের পথ অনুসরণ করবে না। বরং আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করা হবে।
তিনি আরও বলেন, গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে। অথচ এ নিয়ে দলটির কোনো অনুশোচনা নেই বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আইনমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিস্টের উত্থান ঘটবে, তা তাঁরা বুঝতে পারেননি। ১৬ বছরে গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে এবং ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনে অংশ নিতে গিয়ে তাঁদের প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধা গুলিতে নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি। এসব হত্যাকাণ্ডকে ‘ক্রসফায়ার’ হিসেবে চালানো হয়েছিল বলেও অভিযোগ করেন আইনমন্ত্রী।
তিনি আরও অভিযোগ করেন, ৭০০-এর বেশি সহযোদ্ধাকে তুলে নিয়ে গুম করা হয়েছিল। তাঁদের অনেকেই এখনও ফিরে আসেননি। অনেকের স্বজন এখনও তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে বসে চোখের পানি ফেলে প্রিয়জনের ফিরে আসার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।
আইনমন্ত্রী বলেন, গণতন্ত্রের কথা বলতে গিয়ে লাখ লাখ বিরোধীদলীয় নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের পক্ষে কথা বলায় বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।
সেই দুঃসময় থেকে দেশ ও জাতিকে বের করে আনতে জেন-জি যে ভূমিকা রেখেছে, সে জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান আইনমন্ত্রী।
তিনি বলেন, জেন-জি নিজেদের ক্ষত, স্বজন হারানোর বেদনা, পরিবারের সদস্যদের আহাজারি এবং বন্ধু-সতীর্থদের আর্তচিৎকার ভুলে যায়নি। এই প্রজন্মকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ গড়ার সংগ্রাম চালিয়ে যাবেন তাঁরা।
জ/শা