কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘যে দেশে পালিয়ে গেছে, সেটাই তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করতে দেশের মানুষের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে। তারা আবার মানুষের অধিকার কেড়ে নিতে চায়। জনগণ তাদের আর গুম-খুনের রাজনীতি করার অধিকার দেবে না। খুনি-সন্ত্রাসীদের পরিষ্কার জবাব দিতে হবে-এনাফ ইজ এনাফ (অনেক হয়েছে, আর না)। বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না।’
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ কর্মসূচিতে অংশ নিয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০২৪ সালের মতো সব দল-মতের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তনে ফ্যাসিবাদবিরোধী সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যার রাজনীতি ও তাবেদারি অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জবাব দিতে হবে। এ সময় তিনি ‘এনাফ ইজ এনাফ’ বলে মন্তব্য করেন।
সরকার যখন সাধারণ মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে, তখনই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, ষড়যন্ত্রকারী সন্ত্রাসী গোষ্ঠী জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর দেশ শাসন করেছে। মানুষের কথা বলার অধিকার ও ভোটাধিকার কেড়ে নিয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ আর নিশিরাতের নির্বাচন কিংবা ডামি নির্বাচন চায় না। আগামী কয়েক মাসের মধ্যে খুলনা থেকে পুরো রংপুর বিভাগে গ্যাস সংযোগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এর মাধ্যমে এ অঞ্চলে কলকারখানা গড়ে উঠবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
জ/দি