দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। নাম প্রকাশ না করার শর্তে জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্য গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
ওই সংসদ সদস্য জানান, বৈঠকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় প্রধানমন্ত্রীর নজরে আনেন বিরোধীদলীয় নেতা। একই সঙ্গে চলমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য পেছনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে একমত হন দুই নেতা।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান চায়ের আমন্ত্রণ জানালে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে অন্য কেউ উপস্থিত ছিলেন না। এ সময় বেশ কয়েকটি বিষয়ে দুই নেতা ঐকমত্যে পৌঁছান।
এদিকে বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংসদের ভেতরে ও বাইরে থাকা সব গণতান্ত্রিক দলকে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দেশনেত্রী খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’
সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও জাতীয় সংসদে আলোচনা হয়েছে। বুধবার সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে পতিত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলটির পুনরুত্থান ঠেকাতে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
জ/দি