নাটোরের সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই একটি ট্রাক খাদে পড়ে হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার হাগুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম রিপন হোসেন। তিনি পাবনার হেমায়েতপুর এলাকার মনিরুল ইসলামের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক জাফর ইকবাল জানান, দিনাজপুর থেকে পাবনাগামী চালবোঝাই ট্রাকটি হাগুড়িয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি সেতুর রেলিং ভেঙে পাশের খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার রিপন নিহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনায় ট্রাকচালক মাসুদ রানা গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, আইনি প্রক্রিয়া শেষে নিহত হেলপারের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জ/দি