নগরায়ণ, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, অবৈধ দখল ও ভরাটের কারণে রাজধানী ঢাকা থেকে হারিয়ে গেছে অসংখ্য খাল, পুকুর ও প্রাকৃতিক জলাধার। এ পরিস্থিতি মোকাবিলায় ঢাকার দুই সিটি করপোরেশনের মাধ্যমে ৫৬টি খাল ও ৬২টি পুকুর অবৈধ দখলমুক্ত করে পুনরুদ্ধার ও সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার।
নগর বিশেষজ্ঞদের মতে, খাল ও পুকুর দখল হয়ে যাওয়ার সরাসরি প্রভাব পড়েছে রাজধানীর পানি নিষ্কাশনব্যবস্থা, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর। ফলে সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে। একই সঙ্গে চাপ বাড়ছে ভূগর্ভস্থ পানির স্তরের ওপর।
জাতীয় নদী রক্ষা কমিশন ও ঢাকা জেলা প্রশাসনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ঢাকা শহরে বর্তমানে ৫৬টি খাল রয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ২৯টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ২৭টি খাল রয়েছে। তবে এসব খালের অধিকাংশই অবৈধ দখলের কারণে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেন, রাজধানীর খাল ও পুকুরের জায়গা উদ্ধার করে পানি নিষ্কাশনব্যবস্থা উন্নত করা, পরিবেশ সংরক্ষণ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। খালগুলো দখলমুক্ত করে সীমানা নির্ধারণ এবং দুই পাশে গাইড ওয়াল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
ডিএসসিসি এলাকায় উল্লেখযোগ্য খালগুলোর মধ্যে রয়েছে মান্ডা, জিরানি, খিলগাঁও-বাসাব, মেরাদিয়া-গজারিয়া, নন্দীপাড়া, কালুনগর, ধোলাইখাল, শ্যামপুর, রায়েরবাজার, সেগুনবাগিচা ও গোপীবাগ খাল।
এর মধ্যে শ্যামপুর, মান্ডা, জিরানি ও কালুনগর খাল দখলমুক্ত করার জন্য একটি প্রকল্প চলমান রয়েছে। পর্যায়ক্রমে বাকি খালগুলো উদ্ধারের কাজ করা হবে বলে জানিয়েছে ডিএসসিসি।
অন্যদিকে ডিএনসিসি এলাকায় উল্লেখযোগ্য খালগুলোর মধ্যে রয়েছে কল্যাণপুর, রূপনগর, বাউনিয়া, দিয়াবাড়ি, আব্দুল্লাহপুর, ইব্রাহিমপুর, বাইশটেকী, কাটাসুর, রামচন্দ্রপুর, বেগুনবাড়ী, মহাখালী, শাহজাদপুর, ধউর, কসাইবাড়ী, ডুমিনি, বোয়ালিয়া, গোবিন্দপুর, নরাই ও সুতিভোলা খাল। প্রাথমিক পর্যায়ে এসব খালের মধ্যে ১০টি দখলমুক্ত করার কাজ চলছে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন খালের জায়গা দখল করে বছরের পর বছর ধরে নানা ধরনের স্থাপনা ও অবকাঠামো গড়ে তোলা হয়েছে। এতে অনেক খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে কিংবা সংকুচিত হয়েছে। এর প্রভাব পড়ছে নগরীর পানি নিষ্কাশনব্যবস্থায় এবং বাড়ছে জলাবদ্ধতার সমস্যা।
দখল করা খালের জায়গায় বসতবাড়ি, বহুতল ভবন, ব্যক্তিগত বাড়ি, অ্যাপার্টমেন্ট, আবাসিক ভবন, দোকানপাট ও মার্কেট নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ওয়ার্কশপ, গাড়ি রাখার গ্যারেজ, পরিবহন কাউন্টার, গাড়ি মেরামতের দোকান, কারখানা, গুদামসহ বিভিন্ন ছোট-বড় শিল্পপ্রতিষ্ঠানও গড়ে উঠেছে।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাবরিন সুলতানা বলেন, ঢাকা শহরের খালগুলোতে বর্জ্য, ময়লা ও আবর্জনা ফেলার কারণে পানি দূষিত হলে কিংবা পরিবেশের ক্ষতি হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মো. রেজাউল করিম সোহাগ বলেন, খালগুলো ভরাট হয়ে যাওয়ায় শহরের পানি ও বর্জ্য নদীতে যাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে। এ কারণে বৃষ্টি হলেই ঢাকা শহরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
তিনি আরও বলেন, খাল দখলমুক্ত করার পর সেগুলো যাতে আবারও দখল না হয়, তা নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অতীতে বিভিন্ন সময়ে উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও যথাযথ নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে অনেক জায়গায় আবারও অবৈধ স্থাপনা গড়ে উঠেছে।
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, খালের জমির রেকর্ড, দাগ নম্বর, মালিকানা এবং নদী-খালের সংযোগ ও পানিপ্রবাহ নিশ্চিত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভূমি প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড এ ক্ষেত্রে দায়িত্ব পালন করে।
খালের জমির রেকর্ড যাচাই, সরকারি জমি চিহ্নিত করা, সীমানা নির্ধারণ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনানুগ উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় জেলা প্রশাসন ভূমিকা রাখছে। অন্যদিকে উচ্ছেদ অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি কাজে বাধা প্রতিরোধে দায়িত্ব পালন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
এ ছাড়া খালের সীমানার মধ্যে নির্মিত অবৈধ ভবন, স্থাপনা ও অনুমোদনবহির্ভূত আবাসন প্রকল্প চিহ্নিত করে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিশিষ্টজনদের মতে, রাজধানীর খাল ও পুকুর পুনরুদ্ধার করা সম্ভব হলে পরিবেশ ও নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ বাড়বে। পাশাপাশি প্রাকৃতিক জলাধার সংরক্ষণ এবং পানি মাটিতে প্রবেশের সুযোগ তৈরি হলে ভূগর্ভস্থ পানির পুনর্ভরণেও সহায়তা মিলবে।
খাল-পুকুরের পরিবেশ পুনরুদ্ধার করা গেলে জলজ প্রাণী, পাখি ও অন্যান্য জীবের আবাসস্থলও সুরক্ষিত হবে। সংরক্ষিত পুকুর ও জলাধার জরুরি পরিস্থিতিতে পানির উৎস হিসেবে ব্যবহার করা সম্ভব হবে। একই সঙ্গে নগরীর জলাশয় ও সবুজ এলাকা স্থানীয় তাপমাত্রা এবং তাপদ্বীপ প্রভাব কমাতে সহায়ক হতে পারে।
এ ছাড়া খাল ও পুকুরের দুই পাশে পরিকল্পিত সবুজায়ন এবং হাঁটার উপযোগী পরিবেশ গড়ে তোলার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। খবর: বাসস
জ/দি