তথ্য অধিকার নিশ্চিতে ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়েছে কমিশন: প্রধান তথ্য কমিশনার

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-12T15:12:34+06:00
2026-11-12T15:12:34+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
তথ্য অধিকার নিশ্চিতে ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়েছে কমিশন: প্রধান তথ্য কমিশনার
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:১২ পিএম | ১২ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
Advertisement
জনগণকে তথ্য অধিকার সম্পর্কে সচেতন করা এবং তথ্য কমিশনের কার্যক্রম আরও শক্তিশালী করতে ১০০ দিনের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে তথ্য কমিশন। এ পরিকল্পনার আওতায় বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্য মেলা আয়োজন, জমা পড়া অভিযোগের শুনানি, সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদদের প্রশিক্ষণসহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব উদ্যোগের কথা জানান প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।

তিনি বলেন, গত ১৭ বছর ধরে তথ্য কমিশন কার্যক্রম পরিচালনা করলেও গণতন্ত্রের চর্চায় উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেনি। এ সময় তথ্য কমিশনের কার্যক্রম নিয়ে সবার গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষের কাছে প্রতিষ্ঠানটির পরিচিতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান তথ্য কমিশনার বলেন, তথ্য কমিশনের কার্যক্রমের মাধ্যমে মানুষের মধ্যে অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি হয়েছে। এ প্রতিষ্ঠানের দরজা সবার জন্য উন্মুক্ত। সাধারণ মানুষ যেন সহজে নিজেদের অধিকার সম্পর্কে জানতে পারেন এবং তা আদায়ের উপায় খুঁজে পান, সে লক্ষ্যেই কমিশন কাজ করছে।

১০০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে তিনটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলা আয়োজন করা হবে বলে জানান ড. নাহরিন। আগামী সপ্তাহে বিভিন্ন স্কুলেও এ মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব আয়োজনে সহজ ভাষায় তথ্য অধিকার এবং কীভাবে নিজের অধিকার তুলে ধরতে হয়, সে বিষয়ে মানুষকে ধারণা দেওয়া হবে।

অভিযোগ নিষ্পত্তির বিষয়ে তিনি জানান, তথ্য কমিশনে এখন পর্যন্ত ১ হাজার ১১৭টি অভিযোগ জমা পড়েছে। আগামী ১৬ নভেম্বর থেকে এসব অভিযোগের শুনানি শুরু হবে। এ ছাড়া সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে।

সরকারি অর্থের ব্যবহার সম্পর্কে জনগণকে অবহিত করার বিষয়েও কমিশন উদ্যোগ নিচ্ছে বলে জানান প্রধান তথ্য কমিশনার। তিনি বলেন, জনগণের অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, সেই তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চায় কমিশন। এ লক্ষ্যে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বিদেশি সহায়তায় পরিচালিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আর্থিক তথ্য নিজস্ব ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়গুলোর তথ্য প্রকাশের নীতিমালা নিয়েও কাজ চলছে বলে জানান তিনি। যেসব বিশ্ববিদ্যালয়ে তথ্য অবমুক্তকরণ নীতিমালা রয়েছে, সেগুলো অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য প্রকাশের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) জানানো হয়েছে। অন্যদিকে, যেসব বিশ্ববিদ্যালয়ে এ ধরনের নীতিমালা নেই, সেগুলোকে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের নির্দেশনা দেওয়ার কথাও বলা হয়েছে।

তথ্য কমিশনের নিরপেক্ষতা প্রসঙ্গে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বলেন, কমিশন সরকার বা জনগণের পক্ষ নিয়ে নয়, বরং একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করবে। গণতান্ত্রিক সরকারের অধীনেও কমিশনের নিরপেক্ষতা বজায় থাকবে। তথ্য কমিশন শক্তিশালী হলে সরকারও গণতন্ত্রের পথে আরও এগিয়ে যেতে পারবে বলে মন্তব্য করেন তিনি।

জ/দি



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত