হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বোর্ড সভায় বসছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সভায় চুক্তির বিভিন্ন শর্ত পর্যালোচনা করে প্রাথমিক অনুমোদন দেওয়া হতে পারে।
সূত্র জানায়, বোর্ড সভায় চুক্তি নিয়ে যেসব সিদ্ধান্ত নেওয়া হবে, প্রয়োজনীয় অনুমোদনের জন্য সেগুলো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এদিকে তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) চুক্তিতে জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাব করা কয়েকটি শর্ত নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা ও আপত্তি রয়েছে। বিশেষ করে রাজস্ব ভাগাভাগি, বিমানের কার্যক্রম, আইনের পরিবর্তন এবং নির্মাণগত ত্রুটির দায়ভারসংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এসব বিষয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও আলোচিত হয়েছে। আজকের বোর্ড সভায়ও বিষয়গুলো পর্যালোচনার কথা রয়েছে।
বেবিচকের এক কর্মকর্তা জানান, জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনার পর চুক্তির একটি সংশোধিত খসড়া তৈরি করা হয়েছে। বোর্ড সভায় এসব শর্ত পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। তবে চুক্তি কার্যকর করতে আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন প্রয়োজন হবে।
চুক্তির আলোচনায় সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর মধ্যে রয়েছে ঢাকার ১০০ কিলোমিটারের মধ্যে আগামী ১৫ বছর অন্য কোনো বেসামরিক বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম চালু না করার শর্ত। পাশাপাশি তৃতীয় টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনালে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা সীমিত বা বন্ধ রাখার বিষয়টিও রয়েছে।
এ ছাড়া রাজস্ব ভাগাভাগির ক্ষেত্রে বাংলাদেশের নির্ধারিত ২৭ শতাংশ অংশ কমানোর প্রস্তাব রয়েছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের কথা রয়েছে।