দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চার জেলার ২৯টি বাঁওড়ে মাছের উৎপাদন বাড়ানো এবং স্থানীয় মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে পাঁচ বছর মেয়াদি প্রকল্প হাতে নিয়েছে সরকার। ৪৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের প্রস্তাবিত এ প্রকল্প বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট জলাশয়গুলোতে মাছের উৎপাদন অন্তত ১০ শতাংশ বাড়বে বলে আশা করছে মৎস্য অধিদপ্তর।
প্রকল্পের আওতাভুক্ত চার জেলা হলো যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া। দীর্ঘ ১৫ বছর পর এসব জেলার বাঁওড় বা মরা নদীগুলোতে মাছের উৎপাদন বাড়াতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
‘নির্বাচিত বাঁওড় এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক প্রস্তাবিত প্রকল্পে জলাশয় খনন, মাছের অভয়াশ্রম প্রতিষ্ঠা, পোনা উৎপাদনের অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে ব্যবস্থাপনা জোরদারের পরিকল্পনা রয়েছে।
প্রকল্প গ্রহণের উদ্যোগ শুরু হয় ২০২৫ সালে। ওই বছর যশোরের তৎকালীন জেলা প্রশাসক এ অঞ্চলের বাঁওড়গুলোতে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রকল্প গ্রহণের উদ্যোগ নেন। একই বছরের ডিসেম্বরে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। পরে চলতি বছরের জানুয়ারিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তৎকালীন সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পটি অনুমোদন পায়।
এরপর প্রকল্পের জনবল কাঠামো অনুমোদনের জন্য অর্থ বিভাগে প্রস্তাব পাঠানো হয়। বর্তমান সরকারের সময়ে জনবল কাঠামোর অনুমোদন পাওয়ার পর প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।
প্রস্তাবিত প্রকল্পের আওতায় পলি জমে ভরাট হয়ে যাওয়া বাঁওড়ের নির্দিষ্ট অংশ খননের মাধ্যমে গভীরতা ও পানি ধারণক্ষমতা বাড়ানো হবে। এ কাজের জন্য ১১ কোটি ২১ লাখ ৯৫ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর ফলে শুষ্ক মৌসুমেও জলাশয়গুলোতে মাছের বসবাস ও বেড়ে ওঠার উপযোগী পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।
দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে ২৯টি বাঁওড়ে অভয়াশ্রম প্রতিষ্ঠার জন্য ২ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে। পাশাপাশি বিদ্যমান ৩৫টি পোনা উৎপাদন পুকুর সংস্কারে ১ কোটি ৭৩ লাখ ৩৯ হাজার টাকা, খামার যান্ত্রিকীকরণে ১ কোটি ৪০ লাখ টাকা এবং পানি সরবরাহের জন্য ছয়টি গভীর নলকূপ স্থাপনে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে।
বাঁওড় ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, পোনা সরবরাহ ও সম্প্রসারণ সেবার অবকাঠামো উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ রাখা হয়েছে। এর অংশ হিসেবে জরাজীর্ণ ছয়টি বাঁওড় ব্যবস্থাপকের কার্যালয় ভবন পুনর্নির্মাণে ৭ কোটি ৩১ লাখ ৮ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া পাঁচ বছরে ২৯০টি বিল নার্সারি স্থাপনে ২ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে। রুই ও দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার জন্য পৃথকভাবে ৭ কোটি ৬১ লাখ ৯৩ হাজার টাকা রাখা হয়েছে। বিল নার্সারির মাধ্যমে পোনা লালন-পালন ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি নির্ধারিত জলাশয়গুলোতে পোনা অবমুক্ত করে মাছের উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। প্রকল্পের সরঞ্জাম কেনার জন্য প্রস্তাব করা হয়েছে ৮ লাখ টাকা।
সব মিলিয়ে জলাশয় খনন, অভয়াশ্রম গড়ে তোলা, পোনা উৎপাদন, পানি সরবরাহ, অবকাঠামো উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে বাঁওড়গুলোর মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। এর লক্ষ্য শুধু মাছের উৎপাদন বাড়ানো নয়, পাশাপাশি জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনা গড়ে তোলা।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, বাঁওড়গুলোতে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীদের সম্পৃক্ত করে কার্যকর ব্যবস্থাপনা গড়ে তোলাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। এ জন্য নির্বাচিত জলাশয় চিহ্নিত করে অভয়াশ্রম প্রতিষ্ঠা, মাছের নিরাপত্তায় নজরদারি এবং স্থানীয় মানুষকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ‘অভয়াশ্রমের নির্ধারিত এলাকায় মাছ আহরণ নিয়ন্ত্রিত থাকবে, যাতে মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবিস্তারের সুযোগ তৈরি হয়। বর্ষা মৌসুমে মাছ আশপাশের নদী ও বিলে ছড়িয়ে পড়লে সেখান থেকে স্থানীয় জেলেরা মাছ আহরণ করতে পারবেন। এর মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের জীবিকায় দীর্ঘমেয়াদি সুফল পাওয়ার প্রত্যাশা রয়েছে।’
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনক বলেন, দীর্ঘ ১৫ বছর পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চার জেলার বাঁওড় বা মরা নদীগুলোতে মাছের উৎপাদন বাড়ানো এবং দরিদ্র মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে এ প্রকল্প নেওয়া হয়েছে। এর মাধ্যমে ওই অঞ্চলের মানুষের সঙ্গে সরকারের একটি কার্যকর সম্পর্ক তৈরি হবে।
তিনি আরও বলেন, অনেক বাঁওড় অগভীর হয়ে যাওয়ায় সেখানে মাছের বসবাস ও উৎপাদনের উপযোগী পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়িত হলে জলাশয়ের উন্নয়ন এবং সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনার কার্যকর কাঠামো গড়ে তোলা সম্ভব হবে।
বাঁওড়ের প্রকৃত মৎস্যজীবীদের তালিকা তৈরি করাও এ প্রকল্পের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি। তাঁর ভাষ্য, নব্বইয়ের দশকে গঠিত মৎস্যজীবী সমিতিগুলোর সদস্যতালিকা দীর্ঘদিন ধরে হালনাগাদ করা হয়নি। প্রকল্পের মাধ্যমে প্রকৃত মৎস্যজীবীদের তালিকাভুক্ত করা, তাঁদের অধিকার নিশ্চিত করা এবং মাছ আহরণের সুফল সুষমভাবে বণ্টনের সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বাঁওড়ের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি স্থানীয় জেলেদের জীবিকা ও আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে। মাছের উৎপাদন অন্তত ১০ শতাংশ বৃদ্ধির লক্ষ্য অর্জিত হলে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও এর সুফল অব্যাহত থাকবে। সূত্র: বাসস
জ/দি