ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি একটি ভারী বাক্স নামানোর সময় সেটি উল্টে শ্রমিকদের ওপর পড়ে। এতে বাক্স ও কাচের প্যানেলের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে দেশটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাইয়েস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) এবং সিকদার জুবায়েদ ইসলাম (২৫)।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ রোডে অবস্থিত একটি প্রতিষ্ঠানের চত্বরে শ্রমিকরা কনটেইনার থেকে কাচের প্যানেল নামানোর কাজ করছিলেন। এ সময় ৪১টি কাচের প্যানেল রাখা একটি বড় ও ভারী বাক্স কনটেইনার থেকে নামানোর চেষ্টা করা হচ্ছিল।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বাক্সে থাকা প্রতিটি কাচের প্যানেলের দৈর্ঘ্য ছিল ছয় ফুট এবং প্রস্থ আট ফুট। শ্রমিকরা সম্মিলিতভাবে বাক্সটি নামানোর কাজে নিয়োজিত ছিলেন। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে বাক্সটি হঠাৎ উল্টে শ্রমিকদের ওপর পড়ে। এতে তিনজন বাক্স ও কাচের প্যানেলের নিচে আটকা পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে প্লেইন-দে-পাপাইয়েস পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। কী কারণে ভারী বাক্সটি উল্টে শ্রমিকদের ওপর পড়েছে এবং এ ঘটনায় কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে প্রাথমিক অনুসন্ধান চালানো হচ্ছে।
পরে মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। তারা ভারী বাক্স ও কাচের প্যানেলের নিচ থেকে তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহগুলো স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কর্মস্থলে এমন মর্মান্তিক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের প্রাণহানির ঘটনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। তবে দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অগ্রগতি এবং নিহতদের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
সূত্র: ল্য ডেফি মিডিয়া।
জ/শা