বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৮টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ১৯৪, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
তালিকা অনুযায়ী, লাহোরের বায়ুমান সূচক স্কোর ৪৫৮। এর ফলে শহরটি বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ২৪৪। ২৩৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, একটি শহরের বায়ু কতটা নির্মল বা দূষিত, তা তাৎক্ষণিকভাবে বায়ুমান সূচকের (একিউআই) মাধ্যমে প্রকাশ করা হয়।
প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান মাঝারি বা সহনীয় পর্যায়ে থাকে।
অন্যদিকে, ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর হলে বায়ুর মান অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।
সেই হিসাবে শুক্রবার সকালে ঢাকার ১৯৪ স্কোরের বায়ুমান অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল।
জ/শা