চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের করা একটি মামলায় নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় তাঁর জামিন বাতিল করে এ আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এ আদেশ দেন।
নিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পরীমনি। তিনি জানান, বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে হাজির হবেন। পরীমনি বলেন, ‘বৃহস্পতিবার (আজ) আদালতে যাব, যেহেতু পরোয়ানা জারি করে ফেলেছে। কিছুই তো করার নেই।’
মামলাটি ঘিরে দীর্ঘদিন ধরে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, মামলার কারণে জীবনের বিভিন্ন ক্ষেত্রে চাপ তৈরি হচ্ছে। তিনি বলেন, ‘এই জীবনে যা হচ্ছে, এসব তো খুব একটা আরামের না।’
মামলার তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন পরীমনি। তাঁর অভিযোগ, তদন্ত যথাযথভাবে এগোচ্ছে না। এ বিষয়ে তিনি বলেন, ‘তদন্তটা ঠিকঠাক হওয়া দরকার। এটা কি তাহলে সারা জীবন চলবে?’
আদালত সূত্রে জানা গেছে, মামলাটিতে বুধবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এদিন বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করে। অন্যদিকে, পরীমনির আইনজীবী তাঁর পক্ষে সময় চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি।
পরে বাদীপক্ষের আবেদন মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে পরীমনির জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়।
জ/শা