শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে ২০ জনের ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-05T16:46:18+06:00
2026-11-05T16:46:18+06:00
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে ২০ জনের ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:৪৬ পিএম | ৫ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
রাজধানী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে অর্থায়ন ও জনবল দিয়ে সহায়তার অভিযোগে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, শিল্পোদ্যোক্তা ও রাজনৈতিক কর্মীসহ অন্তত ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে ব্যাংকগুলোকে নির্দেশনা পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

তালিকায় দেশের কয়েকটি শীর্ষ শিল্প গ্রুপের মালিক, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং রাজনৈতিক কর্মীদের নাম রয়েছে। তাঁদের কেউ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, আবার কেউ আওয়ামী লীগ সরকারের সময়ে সুবিধাভোগী ছিলেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত কয়েকজনের ব্যাংক হিসাব ৫ আগস্টের পর দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) বিভিন্ন সংস্থার মামলার পরিপ্রেক্ষিতে আগেই জব্দ করা হয়েছে। তাঁদের কেউ কারাগারে রয়েছেন, কেউ আবার দেশের বাইরে অবস্থান করছেন। এ কারণে অভিযোগের বিষয়ে তাঁদের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

গত মঙ্গলবার এনবিআরের একটি অনুষ্ঠানে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের ইঙ্গিত দেন সংস্থাটির চেয়ারম্যান আহসান হাবিব। তিনি জানান, বিশেষ একটি কারণে কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও আয়কর গোয়েন্দা বিভাগ ৩৪ ব্যক্তি এবং ৩৪টি পরিবারের ব্যাংক হিসাব জব্দ করছে।

রাজস্ব বোর্ড সূত্রের দাবি, ১২টি গ্রুপের মালিক শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়ন করছেন। এ তালিকায় রয়েছেন সিপাল গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং আওয়ামী লীগ সরকারের সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একই অভিযোগে বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানের ব্যাংক হিসাবও জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ছিলেন।

এ ছাড়া তালিকায় রয়েছেন এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদী, রেনেসা গ্রুপের মালিক ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, হামিদ গ্রুপের মালিক ও সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ফেবিয়ানের প্রতিষ্ঠাতা ও সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, তুসুকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুর রহমান বাদল, ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা আবদুস ছালাম, নিপা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরী, অ্যাক্সিস নিটওয়্যারস লিমিটেডের পরিচালক জাহিদ আহমেদ টুলু, স্ট্যান্ডার্ড হোসেন এবং গিভেন্সি গ্রুপের চেয়ারম্যান মাসুমা খাতুন লিপা।

রাজধানীর মিরপুর এলাকায় শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়ার অভিযোগে যাঁদের ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ, বিজিএমইএর সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এবং শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজনের ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ইলিয়াস উদ্দিন মোল্লাহর ভাগনে আলিফ মোল্লা, জাহাঙ্গীর আলমের সহযোগী মাহবুবুর রহমান জুয়েল, স্থানীয় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী কামাল গাজী এবং শুভ নামের এক ব্যক্তি।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, অনলাইনে আন্দোলন-সংক্রান্ত কার্যক্রম সমন্বয় করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তাঁর নেতৃত্বে ২০ থেকে ২৫টি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ফেসবুক পেজের মাধ্যমে আন্দোলনের বিভিন্ন স্থানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব পালন করছেন প্রায় ১৫০ ব্যক্তি। এ প্রক্রিয়ায় বাহাউদ্দিন নাছিমের ব্যাংক হিসাবও জব্দ করা হচ্ছে বলে জানা গেছে।

ব্যাংক হিসাব জব্দের বিষয়ে জানতে চাইলে এনবিআরের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব জব্দ করতে এরই মধ্যে ই-মেইলের মাধ্যমে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত