বাগেরহাটের মোংলার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে মোংলার উদ্দেশে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে মোংলা যাচ্ছেন। সেখানে নির্ধারিত কর্মসূচি শেষ করে সড়কপথে খুলনায় যাবেন। সেখানে জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেলে হেলিকপ্টারে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় তাঁর মোংলা বন্দরে পৌঁছানোর কথা। সেখানে ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর সকাল সাড়ে ১০টায় বন্দরের দুটি কনটেইনার জেটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
কর্মসূচি শেষে বেলা ১১টা ১৫ মিনিটে মোংলা বন্দর থেকে সড়কপথে বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বেলা ১২টা ৪৫ মিনিটে সেখানে মাজার জিয়ারত করবেন তিনি।
এরপর বেলা ১টা ১৫ মিনিটে সড়কপথে খুলনার উদ্দেশে যাত্রা করবেন। দুপুর ২টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউসে পৌঁছে কিছু সময় যাত্রাবিরতি করবেন।
সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। বিকেল ৫টা ১৫ মিনিটে তাঁর তেজগাঁও বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
জ/শা