যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল মেনে নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ডেমোক্র্যাটদের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।
দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত। আমরা ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করব। আশা করি, একসঙ্গে কাজ করার কোনো পথ বের করতে পারব।’
নির্বাচনে রিপাবলিকানদের প্রত্যাশিত ফল না পাওয়ার পেছনে ব্যালটে নিজের নাম না থাকাকে কারণ হিসেবে দেখছেন ট্রাম্প। তাঁর মতে, তিনি নিজে প্রার্থী হলে দলের প্রার্থীরা আরও ভালো ফল করতেন।
এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ব্যালটে আমি ছিলাম না। যদি থাকতাম, তাহলে আমরা বিপুল ব্যবধানে জয়ী হতাম!’
নির্বাচনে নিজের সমর্থন দেওয়া যেসব প্রার্থী পরাজিত হয়েছেন, তাঁদের নিয়ে কোনো অনুশোচনা নেই বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সাউথ ক্যারোলাইনার প্রার্থী ডারলিন গ্রাহামের পরাজয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। ট্রাম্প বলেন, ‘দেখলাম ডারলিন হেরে গেছেন। বাহ, এটা তো অবিশ্বাস্য!’
এবারের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটি এবং সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টিতে ভোট হচ্ছে। পাশাপাশি বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরসহ স্থানীয় পর্যায়ের বেশ কয়েকটি পদেও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বর্তমানে মার্কিন কংগ্রেসের দুই কক্ষ—সিনেট ও প্রতিনিধি পরিষদ—উভয়টির নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে। কংগ্রেসের নিম্নকক্ষ হলো প্রতিনিধি পরিষদ। এই কক্ষের সদস্যরা দুই বছরের জন্য নির্বাচিত হন। সাধারণত আইন প্রণয়নের প্রস্তাব প্রথমে প্রতিনিধি পরিষদে উত্থাপন ও আলোচনা করা হয়। পরে তা পাঠানো হয় সিনেটে। সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, রয়টার্স ও বিবিসি
জ/শা