শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার নেপথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ

জবাবদিহি ডেস্ক

অপরাধ

2026-11-02T18:25:22+06:00
2026-11-02T18:25:22+06:00
সোমবার ● ২ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
Advertisement
অপরাধ
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার নেপথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:২৫ পিএম | ২ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় অস্থিরতা সৃষ্টির অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। শ্রমিকদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তৎপরতা চালাচ্ছেন বলে দাবি করেছে একটি নির্ভরযোগ্য সূত্র। এ ঘটনায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটকের খবরও পাওয়া গেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আন্দোলনে অংশ নেওয়ার ছবি ও ভিডিও প্রকাশ করতে দেখা গেছে। এসব পোস্টে আন্দোলনের বিভিন্ন কর্মসূচি ও ঘটনাপ্রবাহ তুলে ধরেছেন তাঁরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজিবুল ইসলাম নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করে আন্দোলনকে ঘিরে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। গতকাল রোববার বেলা ২টা ১৭ মিনিটে একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ কারো উপর ভর করে ক্ষমতায় আসবে না। আমরা জনগণের শক্তি সাথে নিয়ে কর্মসূচি দিব।’

এর ৫১ মিনিট আগে তিনি একটি ভিডিও পোস্ট করেন। এ ছাড়া দুপুর ১২টা ৫১ মিনিটে আরেকটি ভিডিও এবং সকাল ১০টা ৬ মিনিটে শ্রমিক আন্দোলন নিয়ে একটি পোস্ট দেন সাজিবুল। সেখানে তিনি লেখেন, ‘শ্রমিকের বেতন ৩০০০০ বৃদ্ধির দাবিতে টানা চতুর্থদিনের মত আজকেও শ্রমিক আন্দোলন চলছে।’

এর আগে শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন জ্বালানোর একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ওই ভিডিওতে ‘৩০ হাজার বেতন দে, নইলে গদি ছেড়ে দে’ স্লোগান শোনা যায়।

উল্লেখ্য, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। বেতন বৃদ্ধির দাবিতে শুরু হওয়া এ আন্দোলন ক্রমেই বিভিন্ন এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে। এর মধ্যে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের মতো ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ সামনে এসেছে।

গত শনিবার রাজধানীর মিরপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনার পর মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী মেট্রো স্টেশনে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। একই এলাকায় মিরপুর-১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

এদিকে আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ১১ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অন্যদিকে, গতকাল রোববার সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈরে নতুন করে বিক্ষোভে নামেন পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ সময় সড়কে আগুন জ্বালানোর পাশাপাশি ব্যাংক, যানবাহন ও দোকানপাটে ভাঙচুরের অভিযোগ ওঠে। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে শুরু হওয়া আন্দোলনে রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং বিভিন্ন সহিংস ঘটনার নেপথ্যে কারা রয়েছেন, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রকাশিত ছবি ও ভিডিও এবং রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ বিষয়টিকে নতুন করে আলোচনায় এনেছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত