ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামান আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) শপথ নেবেন।
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করাবেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। শপথ গ্রহণ শেষে নিয়ম অনুযায়ী নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ বইয়ে স্বাক্ষর করবেন। এর মধ্য দিয়ে তাঁদের আনুষ্ঠানিক সংসদীয় কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৪০৪।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এলিজা জামান। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পরদিন সোমবার তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। ইতিমধ্যে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
জ/দি