৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল

গাজীপুর প্রতিনিধি

দেশজুড়ে

2026-11-02T14:04:06+06:00
2026-11-02T14:04:06+06:00
সোমবার ● ২ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল
গাজীপুর প্রতিনিধি
⏲ ২:০৪ পিএম | ২ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
২৭ বছর আগে ১৯৯৯ সালে এসএসসি পাস করেছিলেন মো. আমিনুল ইসলাম। এরপর জীবনের নানা ব্যস্ততায় পড়াশোনায় ছেদ পড়ে। একসময় জনপ্রতিনিধি হিসেবেও দায়িত্ব নেন তিনি। কেটে যায় দীর্ঘ সময়। তবে উচ্চমাধ্যমিক পাস করার ইচ্ছা মনের মধ্যে লালন করে গেছেন। অবশেষে সেই স্বপ্ন পূরণ করেছেন ৪৭ বছর বয়সে। এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি।

আমিনুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের মেডিক্যাল মোড় এলাকার তোরাব আলীর ছেলে। তিনি মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। টানা তিন মেয়াদে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে তাঁর সংসার।

মজার বিষয় হলো, চলতি বছর আমিনুলের স্ত্রী মোসা. হুসনে আরা ও বড় ছেলে মো. স্বাধীনও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। একই বছরে পরিবারের তিন সদস্যের পরীক্ষায় পাসের খবরে তাঁদের বাড়িতে এখন আনন্দের পরিবেশ বিরাজ করছে। বয়স, সংসার কিংবা ব্যস্ততা যে শিক্ষার পথে বাধা হতে পারে না, আমিনুল ও তাঁর পরিবারের এই অর্জন তারই উদাহরণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

আমিনুল গাজীপুর মহানগরের পুবাইল কারিগরি কলেজের ড্রেস মেকিং ট্রেড থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ফল প্রকাশের পর জানতে পারেন, জিপিএ-৪ দশমিক ৪৬ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।

নিজের অনুভূতি জানিয়ে আমিনুল ইসলাম বলেন, ‘দুপুরে স্ত্রী ফোন করে পাসের খবরটি জানান। খবরটি শুনে খুব আনন্দিত হয়েছি। ২৭ বছর পর আবার পড়াশোনা শুরু করে পরীক্ষায় পাস করা আমার কাছে অনেক বড় পাওয়া। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল এইচএসসি পাস করার। সেই ইচ্ছা পূরণ হয়েছে। এখন আরও পড়াশোনা করতে চাই। আমি আইন বিষয়ে পড়াশোনা করব।’

আমিনুলের এ সাফল্যে আনন্দিত তাঁর সহকর্মী ও এলাকাবাসী। মাওনা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম মৃধা বলেন, ‘খবরটি শুনে আমরা সবাই খুব খুশি হয়েছি। বয়স যে পড়াশোনার বাধা নয়, তিনি তা প্রমাণ করেছেন। চেষ্টা ও অধ্যবসায় থাকলে অনেক দূর যাওয়া যায়।’

এ অর্জনে খুশি শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞাও। তিনি বলেন, ৪৭ বছর বয়সে ধৈর্য ধরে পড়াশোনা করে এইচএসসি পাস করা অত্যন্ত আনন্দের খবর। একজন জনপ্রতিনিধি হিসেবে নানা ব্যস্ততার মধ্যেও আমিনুল পড়াশোনায় মনোযোগ দিয়েছেন। তাঁর এই অর্জন পড়াশোনা থেকে দূরে থাকা বয়স্ক অনেক মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত