চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর মধ্যেই চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। তবে কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কারণ হিসেবে মেয়াদোত্তীর্ণ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
গতকাল রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিগগিরই এ দুটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলে উত্তীর্ণ হন। ছেলের এ সাফল্যের খবর আনন্দের সঙ্গে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি। পরে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা আলোচনা, সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়।
দীর্ঘদিন ধরে জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্বে থাকা একজন নেতার ছেলের এইচএসসি পাসের খবর সামনে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে সংগঠনের নেতৃত্ব ও বয়স নিয়ে প্রশ্ন তোলেন। কেউ কেউ ব্যঙ্গাত্মক মন্তব্যও করেন। বিষয়টি দ্রুত স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে চলে আসে।
কমিটি বিলুপ্তির পর প্রতিক্রিয়া জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মালিতা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘অবশেষে বিদায় প্রাণের সংগঠন ছাত্রদল থেকে। প্রায় তিন দশকের পথচলার অবসান ঘটল।’
কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করে মোমিনুর রহমান মালিতা বলেন, কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনের জন্য তাঁরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় কমিটির সঙ্গে যোগাযোগ করছিলেন। তবে এ ধরনের একটি ঘটনার মধ্য দিয়ে কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত আসবে, তা তাঁরা কখনো ভাবেননি।
অন্যদিকে, ছেলের এইচএসসি পাসের খবর ফেসবুকে প্রকাশ করায় সমালোচনার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান। তিনি বলেন, ‘বিগত ১৭ বছর আওয়ামী লীগের হাতে অনেক নির্যাতনের শিকার হয়েছি। ছেলে এবার এইচএসসিতে পাস করেছে, সেই আবেগ কি প্রকাশ করতে পারব না? বিগত ১৭ বছর ধরে ছাত্রদলের হাল ধরে রয়েছি।’
ছাত্রদলের রাজনীতিতে প্রায় ২৮ বছর সক্রিয় থাকার কথা উল্লেখ করে শাহজাহান খান বলেন, কর্মী থেকে নেতা হয়ে তিনি সংগঠনে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করেছেন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান চাইলে পরবর্তী সময়ে যুবদলের রাজনীতিতে যুক্ত থাকার ইচ্ছাও রয়েছে তাঁর।
উল্লেখ্য, ২০০৪ সালের কাউন্সিলে শাহজাহান খান চুয়াডাঙ্গা সদর পৌর ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। এরপর তাঁকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়। পরে ২০১৮ সালের ৬ জুন তিনি চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মনোনীত হন।
জ/দি