কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে আগুন ধরে গেছে। গত ২৭ অক্টোবর এ ঘটনা ঘটে। প্রায় ১ হাজার ফুট গভীরে খননকাজ চলার পর গ্যাস উদগীরণের ঘটনা দেখা দেয়।
ঘটনার পরপরই বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) দুজন ভূতত্ত্ববিদকে ঘটনাস্থলে পাঠানো হয়। তাঁরা কক্সবাজারে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে গ্যাস উন্মুক্তভাবে নির্গত হতে দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, আনুমানিক ১৫ দিনের মধ্যে আগুনের প্রবাহ ধীরে ধীরে কমে আসতে পারে। তবে নির্ধারিত সময়ের মধ্যে আগুনের প্রবাহ না কমলে বিশেষজ্ঞ দলের মাধ্যমে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। সে ক্ষেত্রে অগ্নিনির্বাপণ এবং গ্যাসের প্রবাহ বন্ধের কার্যক্রম চালানো হবে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। পেট্রোবাংলা, বাপেক্স ও স্থানীয় প্রশাসন সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এদিকে, ঘটনাস্থল এলাকায় গ্যাসের সম্ভাব্য মজুত নিরূপণে ভূতাত্ত্বিক জরিপ, দ্বিমাত্রিক (২ডি) সাইসমিক জরিপসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় জনগণকে আতঙ্কিত না হওয়ার পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
জ/দি