ময়মনসিংহের ভালুকায় বিএনপি সরকার ও দলটির নেতাকর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার সাথী বিউটি পার্লারের মালিক। স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। গতকাল রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে নিজের বিউটি পার্লারে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার ও দলটির নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন সাথী আক্তার। বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে এলে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
পরে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মীরা একত্রিত হয়ে স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে অবস্থিত সাথী আক্তারের প্রতিষ্ঠানে যান। সেখানে তারা তার মন্তব্যের বিষয়ে জানতে চাইলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। একপর্যায়ে স্থানীয়রা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সাথী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, বিএনপিকে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় জনতা এক নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।
জ/উ