সৌদি আরবে হামলার ঘটনায় আটকে পড়া বাংলাদেশি ওমরাহযাত্রীদের শেষ কাফেলার ৪০ সদস্য নিরাপদে দেশে ফিরেছেন। তাঁদের স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর নির্দেশনায় মন্ত্রণালয়ের পরিচালক (হজ) মো. লোকমান হোসেন, জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিমানবন্দরে তাঁদের অভ্যর্থনা জানান।
গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার ঘটনায় এসব ওমরাহযাত্রী আটকে পড়েন। পরে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জেদ্দা থেকে তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ওমরাহযাত্রীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সমন্বয় করা হয়। সৌদি আরবে অবস্থানকালে ধর্মমন্ত্রী তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
ধর্মমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে সৌদি আরবে অবস্থানরত ওমরাহযাত্রীদের দুই দিন আপ্যায়নের পাশাপাশি পোশাকের ব্যবস্থা করা হয়। দেশে ফেরার পর তাঁদের আপ্যায়ন এবং নিজ গন্তব্য সিরাজগঞ্জ শহরে পৌঁছে দিতে ব্যক্তিগত তহবিল থেকে যানবাহনের ব্যবস্থাও করা হয়।
ওমরাহ কাফেলার নেতা মুয়াল্লিম আব্দুল্লাহ-আল-মামুন জানান, সৌদি আরবে অবস্থানকালে ধর্মমন্ত্রী নিয়মিত তাঁদের খোঁজখবর নিয়েছেন। পাশাপাশি যাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, লাগেজ না পাওয়ায় যাত্রীরা সমস্যায় পড়েছিলেন। ধর্মমন্ত্রীর নির্দেশনায় তাঁদের জন্য খাবার, পোশাক ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করা হয়। দেশে ফেরার পর আপ্যায়ন এবং সিরাজগঞ্জে নিরাপদে পৌঁছানোর জন্য যানবাহনের ব্যবস্থা করায় তাঁরা ধর্মমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ওমরাহযাত্রীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁরা ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি আল্লাহর মেহমানদের সেবায় তাঁকে আরও বেশি কাজ করার তৌফিক দেওয়ার জন্য দোয়া করেন।
এ ছাড়া প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ায় রিয়াদে বাংলাদেশ দূতাবাস, মক্কা ও মদিনা হজ মিশন, রাজকীয় সৌদি সরকার এবং সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান তাঁরা।
এদিকে হুতি বিদ্রোহীদের হামলায় আহত বাংলাদেশি ওমরাহ কাফেলার সাত সদস্য সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আটকে পড়া যাত্রীদের দেশে ফেরানোর প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয় ও সহযোগিতার কথা জানানো হলেও আহত সাতজনের চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
জ/শা