গোপালগঞ্জ জেলা শহরের উপকণ্ঠে বুড়িমার বটতলা-সংলগ্ন সেতুর ওপারে রঘুনাথপুর ইউনিয়ন এলাকায় পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুই পুলিশ সদস্য মারধর ও হেনস্তার শিকার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের পর ওই এলাকায় পুলিশের একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। এ সময় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী মিছিল নিয়ে সেখানে যান। মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে মিছিলকারীরা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মিছিলকারীদের হাতে লাঠি ও দেশীয় অস্ত্র ছিল। এ সময় তারা পুলিশ সদস্যদের মারধর ও গালিগালাজ করে গাড়িতে উঠতে বাধ্য করেন। এতে অন্তত দুই পুলিশ সদস্য মারধর ও হেনস্তার শিকার হন। ঘটনার পর মিছিলকারীরা সেখান থেকে চলে যান। এ ঘটনার পর ওই এলাকায় থমথমে ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মিছিল থেকে আকস্মিক হামলা চালিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
জ/উ