যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গত শনিবার শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত করতে হয়েছিল। এতে পরীক্ষা দিতে ঢাকায় এসে ভোগান্তিতে পড়েন হাজারো চাকরিপ্রার্থী। এবার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নিয়োগ পরীক্ষার আগের রাতে সচিবালয়ে অবস্থান করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
প্রশ্নপত্র তৈরির কাজ থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে পাঠানোর আগপর্যন্ত সচিবালয়েই থাকবেন প্রতিমন্ত্রী। রাতে বিশ্রামের প্রয়োজন হলে নিজের দপ্তরেই ঘুমাবেন তিনি।
শুক্রবার যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। এ পরীক্ষা সামনে রেখেই প্রশ্নপত্র ফাঁস রোধে এ উদ্যোগ নিয়েছেন প্রতিমন্ত্রী আমিনুল হক।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সচিবালয়ে প্রশ্নপত্র তৈরির কাজ চলছিল। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে সেখানে অবস্থান করছিলেন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
শুক্রবার বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১১তম গ্রেডের ২৪২টি পদের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৩ লাখ ১৯ হাজার প্রার্থী।
এর আগে গত শনিবার প্রশ্নপত্র ফাঁসের কারণে নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়। পরে নতুন করে শুক্রবার পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।
জ/উ