চট্টগ্রাম বন্দরের কনটেইনার ব্যবস্থাপনায় বিশ্বের শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বন্দরের আধুনিকায়নের পাশাপাশি পায়রা গভীর সমুদ্রবন্দর ও মাতারবাড়ি বন্দর দ্রুত চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ আন্তর্জাতিক সামুদ্রিক ও অফশোর প্রদর্শনী (বিমক্স) মেলায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী।
শেখ রবিউল আলম জানান, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে পায়রা গভীর সমুদ্রবন্দর ও মাতারবাড়ি বন্দর দ্রুত চালুর বিষয়েও কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, দেশে প্রায় ১৬ হাজার কিলোমিটার নৌপথ থাকলেও এর পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এ ক্ষেত্রে নৌপথের কার্যকর ব্যবহার বাড়ানোর সুযোগ রয়েছে।
মন্ত্রী আরও বলেন, গভীর সমুদ্রে মৎস্য আহরণ এবং তেল-গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি। এসব খাতে সক্ষমতা বাড়াতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিতে হবে।
সরকার সামুদ্রিক ও অফশোর খাতে দ্রুত অগ্রগতি অর্জন করতে চায় বলেও জানান নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
জ/উ