মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা অব্যাহত রয়েছে। এর মধ্যেই বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে।
আজ বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩৯ সেন্ট কমে ১০৪ ডলার ৬৭ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম কমে ব্যারেলপ্রতি ৯৪ ডলার ৭ সেন্ট হয়েছে।
এর আগের দিন সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোতে হামলার ঘটনার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছিল। তবে বৃহস্পতিবার সকালে বাজারে আবারও দরপতন দেখা যায়।
গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় হামলার শিকার হয়ে একটি কনটেইনার জাহাজ ও একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। এসব ঘটনায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। একই সঙ্গে তেলের বাজারে অনিশ্চয়তাও অব্যাহত রয়েছে।
এদিকে, গত ১০ দিনে হরমুজ প্রণালির আশপাশে জাহাজে হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ইরানের দাবি, দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং গত মাসে আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার জবাবে তারা হামলা জোরদার করছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নিরাপত্তাঝুঁকি বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে জাহাজে তেল পরিবহনের ব্যয় কমানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ বাজারে তেলের দামের ওপর নিম্নমুখী চাপ সৃষ্টি করেছে।
জ/উ