রাজধানীর উত্তরায় বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ও সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে টানা চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশগুলোতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে বর্তমান বেতনে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। বকেয়া বেতন পরিশোধসহ তাঁদের দাবিগুলো পূরণের জন্য বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কোনো সমাধান মেলেনি। এ পরিস্থিতিতে দাবি আদায়ে তাঁরা সড়কে নামতে বাধ্য হয়েছেন।
শ্রমিকেরা আরও জানান, নিজেদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বাধ্য হয়েই রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছেন। তাঁরা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
জ/উ