হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। আজ বুধবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, দালালদের দৌরাত্ম্য শুধু কোনো একটি হাসপাতালের সমস্যা নয়, বরং এটি সারা দেশের একটি জাতীয় ব্যাধি। অসচ্ছল ও দূরদূরান্ত থেকে আসা রোগীদের বিভ্রান্ত করে অনৈতিকভাবে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কর্মকাণ্ড স্পষ্টতই অপরাধ। এসব অপকর্ম বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও জানান, সরকারি হাসপাতালের আশপাশে যত্রতত্র বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের সুযোগ সীমিত করা এবং সরকারি চিকিৎসকদের এসব প্রতিষ্ঠানে কাজ করার বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
হাসপাতাল পরিদর্শনের সময় সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, যথাযথ নজরদারি থাকলে হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব। স্বাস্থ্যব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে হাসপাতাল কর্তৃপক্ষকে সার্বক্ষণিক পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, অক্টোবর ও নভেম্বর মাস ডেঙ্গুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগী যেন এডিস মশার মাধ্যমে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত না হন, সে জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
জ/উ