বর্তমান সচিবালয়ের তুলনায় দ্বিগুণ জায়গা নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্যমেলার মাঠে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, বর্তমান সচিবালয়ের অনেক ভবন ঝুঁকিপূর্ণ। এ ছাড়া কিছু মন্ত্রণালয়ের কার্যালয়ও সেখানে নেই। এসব বিষয় বিবেচনায় নিয়ে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। মন্ত্রিসভায় এ বিষয়ে সিদ্ধান্ত হলে প্রকল্পের সার্বিক কার্যক্রম শুরু হবে। তবে নতুন সচিবালয় নির্মাণে কত টাকা ব্যয় হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।
গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলি ও পদায়নে লটারি পদ্ধতি চালুর বিষয়ে জাকারিয়া তাহের বলেন, এর মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হবে। আগে বদলি-বাণিজ্যের কারণে অনেক যোগ্য কর্মকর্তার পদায়ন হয়নি। দুর্নীতি বন্ধ করতেই এবার লটারি পদ্ধতি বেছে নিয়েছে সরকার।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জানান, এখন পর্যন্ত লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ১ হাজার ৪৩০ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।
জ/উ