গাজীপুরের কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হকের পদোন্নতিজনিত বদলি ও প্রশাসনিক রদবদলকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মাঝে তীব্র আক্ষেপ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন দক্ষ, সৎ ও জনবান্ধব কর্মকর্তার বিদায়ে কাপাসিয়া জুড়ে যেমন হতাশা তৈরি হয়েছে, তেমনি প্রশাসনিক প্রেক্ষাপটে সততার এ স্বীকৃতিকে অত্যন্ত ইতিবাচক ও আশাব্যঞ্জক হিসেবে দেখছেন সচেতন মহল।
২০২৫ সালের ২৫ আগস্ট কাপাসিয়ায় দায়িত্ব গ্রহণের পর থেকেই এসিল্যান্ড নাহিদুল হক সততা, কর্মদক্ষতা ও সুশাসন নিশ্চিত করে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নেন। তার ১২ মাসের দায়িত্ব পালনকালে নামজারি, খতিয়ানসহ জমি সংক্রান্ত সার্বিক সেবা ডিজিটালাইজড করা হয়, যা ভূমি অফিসে সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানি বহুলাংশে কমিয়ে আনে। কোনো ধরনের অতিরিক্ত অর্থ ও দালালের মধ্যস্থতা ছাড়াই সময়মতো সঠিক সেবা পাওয়ায় কৃষক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ তার ভূয়সী প্রশংসা করেছেন।
নাহিদুল হকের বিদায়ে কাপাসিয়ার সাধারণ মানুষ এখন যেন অভিভাবকহীন বোধ করছেন। কাপাসিয়া সদরের কৃষক মো. নূরুল ইসলাম আবেগপ্লুত হয়ে বলেন, স্যার ছিলেন আমাদের অভিভাবক টাকা ছাড়া কাজ হয়েছে এখন কে শুনবে আমাদের কথা। কাপাসিয়া বাজারের ব্যবসায়ী আব্দুল মালেক ও স্থানীয় বাসিন্দা মোস্তফা ফকির, জামির হোসেন, আইয়ুবুর রহমানদের কণ্ঠে। তারা জানান, নাহিদুল হক দায়িত্বে থাকায় সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত স্বাচ্ছন্দ্যে সব কাজ সারা যেত। স্থানীয়দের অভিযোগ, অতীতে প্রায় ৬-৭ বছর ধরে কার্যালয়ে কর্মরত নাজির মাহবুব এবং একটি প্রভাবশালী দালাল চক্রের কারণে ভূমি সেবা নিতে গিয়ে চরম হয়রানির শিকার হতে হতো।
নাহিদুল হক দায়িত্ব নেওয়ার পর শক্ত হাতে এ সিন্ডিকেট নিষ্ক্রিয় করে দেন। কিন্তু তার বদলির খবরে সেই দালাল চক্র ফের সক্রিয় হয়ে উঠতে পারে বলে গভীর শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, নতুন কর্মকর্তা যোগদানের পর যেন একই স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ধারা বজায় থাকে, নতুবা সাধারণ মানুষ আবারও চরম হয়রানির শিকার হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, নাহিদুল হককে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে এবং তার স্থলাভিষিক্ত হতে দ্রুতই নতুন সহকারী কমিশনার (ভূমি) যোগদান করবেন।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, নাহিদুল হক তার দায়িত্ব পালনকালে সর্বোচ্চ সততা ও পেশাদারিত্বের প্রমাণ দিয়েছেন পদোন্নতি জনিত এই বদলিতে আমরা তাকে শুভকামনা জানাই আশা করছি নতুন কর্মকর্তা যোগদান করবেন একই ইতিবাচক দুর্নীতিমুক্ত ধারা অব্যাহত থাকবে।