বাংলাদেশ সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের বিষয়ে প্রাথমিক যাচাই-বাছাই ও প্রস্তুতিমূলক কাজ চলছে। অনুমোদনের জন্য বিষয়টি আগামী মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলে স্থানান্তরের মূল কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (সুমন)।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
মন্ত্রী বলেন, সচিবালয় স্থানান্তরের বিষয়ে অতীতে একটি মাস্টারপ্ল্যান ছিল। সেই পরিকল্পনা অনুযায়ী নীতিগত কাজ ও প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হবে। অনুমোদন পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ দ্রুত নেওয়া হবে।
বর্তমান সচিবালয়ের বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরে জাকারিয়া তাহের বলেন, সেখানে প্রায়ই গাড়ি পার্কিং ও জায়গার সংকট দেখা দেয়। অনেক মন্ত্রণালয়ের দপ্তর মূল ভবনের বাইরে ছড়িয়ে-ছিটিয়ে থাকায় কাজ পরিচালনায় জটিলতা তৈরি হচ্ছে। এ ছাড়া সচিবালয়ের অধিকাংশ ভবন ১৯৬০-এর দশকে নির্মিত হওয়ায় সেগুলো পুরোনো হয়ে গেছে। ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বিবেচনায় ভবনগুলোর মেরামত ও স্থায়ী বিকল্পের ব্যবস্থা করা জরুরি।
মন্ত্রী জানান, এসব বিষয় বিবেচনায় নিয়ে বর্তমান সরকারের মেয়াদেই সচিবালয় পুরোপুরি আগারগাঁওয়ের নতুন স্থানে স্থানান্তরের লক্ষ্য নিয়ে কাজ চলছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সদিচ্ছার কথা উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া গেলে বর্তমান সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণ ও স্থানান্তরের প্রাথমিক এবং মূল কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
জ/উ