জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নেমেই নিজের বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। নীল-সাদা জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দেন ফুটবলের এই মহাতারকা। জয়ের মধ্য দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি।
মেসির শেষ ম্যাচ ঘিরে মাঠ ও গ্যালারিতে ছিল আবেগঘন পরিবেশ। তবে সেই আবেগ শুধু স্টেডিয়ামেই সীমাবদ্ধ থাকেনি। বিশ্বের কোটি ভক্তের মতো বাংলাদেশের তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় ফুটবলারের বিদায়ী মুহূর্ত নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন। তাদের কথায় উঠে এসেছে মেসির প্রতি ভালোবাসা, দীর্ঘদিনের স্মৃতি এবং একটি যুগের অবসানের বেদনা।
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা মেসিকে নিয়ে লিখেছেন, ‘জীবনের সব দুঃখ এক পাশে, আর অন্য পাশে মেসিকে হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়ার বেদনা!’
চিত্রনায়িকা পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ আবেগঘন বার্তায় মেসির বিদায়কে কেবল একটি ম্যাচের সমাপ্তি নয়, একটি যুগের শেষ অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন।
তিনি লিখেছেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয় আজ একটা যুগের শেষ অধ্যায়। যে জার্সিটাকে মেসি নিজের স্বপ্ন, গর্ব আর জীবনের অংশ বানিয়েছিলেন, আজ সেই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন আমাদের প্রিয় ১০ নম্বর। কত রাত জেগে তার খেলা দেখেছি, কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি—সবকিছু আজ চোখের সামনে ভেসে উঠছে।
‘২০২২-এর সেই বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে দেখার আনন্দটা হয়তো কোনোদিন ভুলতে পারব না। আজ স্কোরলাইন যাই হোক, জয়-পরাজয় এখানে আর গুরুত্বপূর্ণ নয়। আজ শুধু চাই, শেষবারের মতো নীল-সাদা জার্সিতে তাকে মন ভরে দেখতে। বিদায় নয়, লিও তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না। ভালোবাসা প্রিয়।’
ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদও মেসির বিদায়ী মুহূর্তে আবেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমাদের সোনালী যুগের জাদুকর, তোমার যাত্রা শেষ হলেও আমাদের স্মৃতিতে তুমি থাকবে আজীবন! শেষবারের মতো আরও একবার লিওনেল মেসি।’
জ/শা