ছেলে হত্যার দেড় মাস পর বাবাকেও গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-06T11:41:32+06:00
2026-10-06T11:41:32+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
ছেলে হত্যার দেড় মাস পর বাবাকেও গুলি করে হত্যা
খুলনা প্রতিনিধি
⏲ ১১:৪১ এএম | ৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল এলাকায় ছেলে জয় ঢালী হত্যার শোক কাটিয়ে ওঠার আগেই তার বাবা আক্তার ঢালীকেও (৬০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই পরিবারের বাবা-ছেলেকে প্রায় দেড় মাসের ব্যবধানে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

গতকাল সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্জনীমহল গ্রামের শহীদের মোড় সংলগ্ন নিজ বাড়ির সামনে আক্তার ঢালীকে গুলি করা হয়। এর আগে গত ১৫ আগস্ট রাতে তার ছেলে জয় ঢালীকে (২৭) একই এলাকায় কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় বাড়ির সামনে অবস্থান করছিলেন আক্তার ঢালী। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে আকস্মিকভাবে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা সেখানে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তবে উদ্ধারের আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

গত ১৫ আগস্ট রাত সোয়া ৯টার দিকে দুর্জনীমহল শহীদের মোড়ের একটি চায়ের দোকানের সামনে জয় ঢালীকে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে একদল যুবক। ওই ঘটনায় জয়ের মা নাসিমা বেগম বাদী হয়ে রূপসা থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে।

ছেলের হত্যার পর এবার বাবাকেও প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। একই পরিবারের দুই সদস্যকে অল্প সময়ের ব্যবধানে হত্যার ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

খবর পেয়ে রূপসা থানা পুলিশ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আক্তার ঢালীর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতা অথবা ছেলে জয় ঢালী হত্যা মামলার জেরে আক্তার ঢালীকে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত