ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শাহ রাহাত আলী মহাবিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।
আজ শনিবার কলেজের শাহ রাহাত আলী অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা।
কলেজের গভর্নিং বডির সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক জোহরা জেসমিন ও সহকারী শিক্ষক মোহাম্মদ সাগিরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে মো. বাবুল মিঞা বলেন, শিক্ষাজীবন মানুষের ভবিষ্যৎ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ সময়। তাই এ সময়ের প্রতিটি মুহূর্ত যথাযথভাবে কাজে লাগাতে হবে। নিয়মিত পড়াশোনা, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা মেনে চলার মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য করে তুলতে হবে।
তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়। সৎ, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠাও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদের এখন থেকেই জীবনের লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
বিসিআইসি চেয়ারম্যান আরও বলেন, শিক্ষাজীবনে অর্জিত জ্ঞান, মেধা ও নৈতিকতাকে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে। এ জন্য শিক্ষার্থীদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির জিতু, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম আলী, গণসংহতি আন্দোলনের নেতা রাকিবুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন ও সদস্য সচিব লিটন সরকারসহ শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠানের একপর্যায়ে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, গভর্নিং বডির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
জ/উ