বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে সার্বিক পরিবেশ ইতিবাচক বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের সুবিধাজনক সময় বিবেচনায় নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সময় নির্ধারণ করা হবে। তবে সফরের দিন বা মাস নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তাঁর ভাষায়, তাড়াহুড়ো করে কোনো কিছু করলে খুব বেশি লাভ হয় না। তবে খুব শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে।
দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সার্বিক পরিবেশ ইতিবাচক। দুই দেশের জনগণই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে আগ্রহী।
তিনি জানান, সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের শিক্ষা ও স্বাস্থ্য খাত নিয়েও আলোচনা হয়েছে। এ দুই খাতে উভয় দেশেরই আগ্রহ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাম্প্রতিক ঢাকা সফর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমি কোনো রাজনৈতিক বিষয়ের কথা এখানে বলতে চাই না।’ অজিত দোভালের ঢাকা সফরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আচ্ছা, এটা তো আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে ভাই।’
জ/উ