পিরোজপুরের মঠবাড়িয়ায় গাছের ডাল কাটতে গিয়ে নিচে পড়ে মো. রুবেল হোসেন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মঠবাড়িয়া থানাধীন ৬ নম্বর ইউনিয়নের উত্তর কুমিরমারা গ্রামের চান মিয়া মাতুব্বরের বাড়ির পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল হোসেন বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হোগলপাতি গ্রামের বাসিন্দা। তিনি মো. রুস্তম খাঁর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল হোসেন কয়েকজন সহযোগীকে নিয়ে ওই এলাকায় একটি রেন্ডি গাছের ডাল কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। তার সঙ্গে থাকা নিজাম ও নাসির চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।
পরে গুরুতর আহত অবস্থায় রুবেলকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বামনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জ/রা