আনোয়ারা সার্কেলে ৫৭ কিশোর গ্যাং সদস্য শনাক্ত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-28T14:55:35+06:00
2026-09-28T14:55:35+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
আনোয়ারা সার্কেলে ৫৭ কিশোর গ্যাং সদস্য শনাক্ত
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৫ পিএম 
ফাইল ছবি
চট্টগ্রামের আনোয়ারা সার্কেলের আওতাধীন আনোয়ারা, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলায় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত ৫৭ জনকে শনাক্ত ও গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৭ সেপ্টেম্বর পরিচালিত অভিযানে আনোয়ারায় ১৬ জন, চন্দনাইশে ১৯ জন এবং বাঁশখালীতে ২২ জনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান।

পুলিশ ও স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের দৌরাত্ম্যে ব্যবসায়ী ও সাধারণ মানুষ নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। চাঁদা না দিলে দোকানের সামনে মালামাল রাখতে বাধা দেওয়া, বাকিতে পণ্য না দিলে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। দলবদ্ধভাবে চলাফেরার কারণে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে তাদের ভাড়ায় ব্যবহার করা হয় বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, রাজনৈতিক বা প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে কিছু কিশোর অপরাধী চক্র গড়ে উঠছে। তারা নিজ নিজ এলাকার বিভিন্ন অলি-গলি ও অপরাধপ্রবণ স্থান সম্পর্কে ধারণা রাখায় অপরাধ সংঘটনে সুবিধা নেয়। আবার পুলিশের সোর্স হিসেবেও কেউ কেউ ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। আসামির অবস্থান, বাড়িঘর এবং অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহে এসব কিশোরের ওপর নির্ভরশীলতার অভিযোগও রয়েছে।

এ ছাড়া মাদক ও ছোটখাটো চুরির ঘটনায় গ্রেপ্তার হয়ে পরে রাজনৈতিক বা প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে ঋনী হয়ে জামিনে বেরিয়ে আসার অভিযোগও রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঐ ঋণ পরিশোধ করতে এ ধরনের কর্মকাণ্ডের কারণে অনেক কিশোর ধীরে ধীরে অপরাধচক্রের সঙ্গে জড়িয়ে পড়ছে। বিভিন্ন নবনির্মিত বহুতল ভবন ও মার্কেটের ছাদসহ নির্জন স্থানেও মাদক সেবন ও বেচাকেনার আসর বসায় বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

গত ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে দোহাজারী রেলস্টেশন জামে মসজিদসংলগ্ন বিকাশ সেনের দোকানে চাওয়া মাত্র পান ও সিগারেট না দেওয়াকে কেন্দ্র করে ভাঙচুর এবং দোকানদারের স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে ফারুক নামে এক কিশোরের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, ফারুক পুলিশের সোর্স হিসেবে কাজ করেন। রাতে সে এলাকায় পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করে ভোর পর্যন্ত ওই স্থানে অবস্থান করে দিনে ঘুমাতে যায়।

এদিকে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের পাশের কয়েকটি দোকানের ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, নিয়মিত চাঁদা না দিলে তাদের মালামাল চুরি করে নিয়ে যাওয়ার ভয় দেখানো হয়। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বর্তমানে সারা দেশে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আনোয়ারা সার্কেলেও অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, ২৭ সেপ্টেম্বর আনোয়ারা, চন্দনাইশ ও বাঁশখালীতে মোট ৫৭ জনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে সংশোধনের সুযোগ দিতে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। অন্যদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনকে মাদকসহ আটক করা হয়েছে।

তিনি বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সন্তান কোথায় থাকে, কোথায় যায় এবং কার সঙ্গে মেশে এসব বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি।

এ ছাড়া স্থানীয়ভাবে উত্থাপিত অন্যান্য অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে বলেও জানান সহকারী পুলিশ সুপার।




  বিষয়:   চট্টগ্রাম  কিশোর গ্যাং  গ্রেপ্তার  চাঁদা  ভাঙচুর  অপরাধসংক্রান্ত তথ্য 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]