রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির গুলশান জোনের ডিসি রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না। পুলিশের ভাষ্য, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে আশপাশের জমির মালিকদের বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে।
গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজে একদল লোক হামলা চালায়। সেখানে সালমান মুক্তাদিরের স্টুডিও ছিল।
হামলায় স্টুডিওর বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। পরে সালমান নিজেই ভিডিও প্রকাশ করে স্টুডিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান।
পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে চাঁদাবাজির কোনো তথ্য তারা এখন পর্যন্ত পায়নি। ডিএমপির কর্মকর্তারা বলেছেন, প্রাথমিকভাবে ঘটনাটি জমি নিয়ে বিরোধের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার প্রকৃত কারণ ও এর পেছনে কারা জড়িত, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
অন্যদিকে, সালমান মুক্তাদির অভিযোগ করেছেন, তার কাছে চাঁদা দাবি করা হয়েছিল এবং তা দিতে অস্বীকৃতি জানানোর পর স্টুডিওতে হামলা চালানো হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এই অভিযোগের সমর্থনে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও হামলার পেছনের বিস্তারিত কারণ জানতে তদন্ত চলছে।
জ/রা