সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় জমির মালিকানা নিয়ে বিরোধের বিষয়টি সামনে এনেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের ভেতরে দুই পক্ষের জমির মালিকানা নিয়ে বিরোধের জেরেই স্টুডিওতে হামলার ঘটনা ঘটেছে। এর সঙ্গে বিএনপি কিংবা কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি দাবি করেন, নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের সংলগ্ন এলাকায় সাবেক কয়েকজন সরকারি কর্মকর্তার ২৩ কাঠা জমি রয়েছে। এর মধ্যে ৮ কাঠা জমি নিয়ে বিরোধ চলছে। সাবেক সরকারি কর্মকর্তাদের অভিযোগ, অতীতে প্রভাব বিস্তার করে ওই ৮ কাঠা জমি নিউ গিনি প্রোপার্টিজের মালিক আওয়ামী লীগঘনিষ্ঠ নাজিম উদ্দীন দখল করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় নাজিম উদ্দীন জেলও খেটেছেন বলে পোস্টে উল্লেখ করেন রাশেদ খাঁন।
তিনি বলেন, সম্প্রতি নাজিম উদ্দীনের কাছ থেকে ৫ হাজার বর্গফুট জায়গা ভাড়া নিয়ে সেখানে স্টুডিও স্থাপন করেন সালমান মুক্তাদির। একই সময়ে নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের মালিক নাজিম উদ্দীন এমনভাবে তিনটি নতুন গেট নির্মাণ করেন, যাতে ভেতরে থাকা অন্য জমির মালিকরা প্রবেশ করতে না পারেন। সাবেক সরকারি কর্মকর্তারা এটিকে জমি দখলের উদ্দেশ্যে করা হয়েছে বলে দাবি করছেন।
রাশেদ খাঁনের ভাষ্য, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিরা লোকজন ভাড়া করে গেট ভাঙতে যান। একপর্যায়ে নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর করা হয়।
ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, সাবেক সরকারি কর্মকর্তা হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিরা চাইলে আইনের আশ্রয় নিতে পারতেন। কিন্তু তা না করে পাল্টা পেশিশক্তি ব্যবহারের কারণে ঘটনার দায় বিএনপির ওপর চাপানোর সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁনের দাবি, জমি দখল ও পাল্টা দখলের সঙ্গে বিএনপি কিংবা কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর যারা ইসলামি ব্যাংক দখলসহ বিভিন্ন সম্পদ নিজেদের দাবি করে দখল করা শুরু করেছিল, তারাই এখন বিভিন্ন ঘটনায় বিএনপিকে দায়ী করে ভিলেন বানানোর চেষ্টা করছে।
সালমান মুক্তাদিরের বক্তব্যের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, পুরো ঘটনা জানার পর তাঁর মন্তব্য করা উচিত ছিল। তাঁর দাবি, সব পক্ষের বক্তব্য না শুনেই সালমান মুক্তাদির বিএনপির লোকজনকে চাঁদা না দেওয়ার কারণে তাঁর স্টুডিও ভাঙচুর করা হয়েছে-এমন বক্তব্য দিয়েছেন।
পোস্টের শেষাংশে রাশেদ খাঁন বলেন, সালমান মুক্তাদিরের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় তারা ব্যথিত। এ ঘটনায় জড়িত দোষীরা যথাযথ শাস্তি পাবেন এবং সালমান মুক্তাদির ন্যায়বিচার পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
জ/উ