প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সফল হয়েছে। দ্বিপক্ষীয় স্বার্থ বিবেচনায় আমেরিকা থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে বলেও জানান তিনি।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের এসব কথা বলেন মাহদী আমিন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সফল। দ্বিপক্ষীয় স্বার্থ রক্ষা করে আমেরিকা থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে।’
এ সময় সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ কোনো ধরনের অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না বলেও জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। তিনি বলেন, ‘সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না, আইন তার নিজস্ব গতিতে চলবে। সরকার কঠোরভাবে এসব দমন করবে।’
মাহদী আমিন আরও বলেন, ‘জাতিসংঘে প্রধানমন্ত্রী নিজেদের বক্তব্য সুদৃঢ়ভাবে উপস্থাপন করেছেন। বিশ্বের রাষ্ট্রপ্রধানরা প্রধানমন্ত্রীকে সাদরে গ্রহণ করেছেন।’
এদিকে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী জানান, নেতাকর্মীদের ভিড় প্রধানমন্ত্রী পছন্দ করছেন না। তাঁর মতে, এটি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের একটি দিক।
প্রেস উইংয়ের সদস্যরা জানান, পাঁচ দিনের সফরে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের স্বার্থ ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেছেন। ঐতিহাসিক ভাষণের মাধ্যমে প্রতিটি শ্রেণি-পেশার মানুষের জন্য তাঁর পরিকল্পনাগুলোও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা।
প্রধানমন্ত্রী দেশে ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ, স্থানীয় সরকার মন্ত্রীসহ সরকারের প্রতিনিধিদল উপস্থিত ছিল।
জ/উ