দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনের তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৩০ জানুয়ারি ২০২৭ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পূর্বনির্ধারিত তারিখেই সমাবর্তন আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সমাবর্তনের তারিখ ও সার্বিক প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
এ সময় উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের সার্বিক আয়োজন ও প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় আগামী ৩০ জানুয়ারি ২০২৭ সমাবর্তন অনুষ্ঠানের নির্ধারিত তারিখ পুনর্ব্যক্ত করা হয়। সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, দ্বিতীয় সমাবর্তন আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
সমাবর্তনকে সুশৃঙ্খল, সুন্দর ও উৎসবমুখর করতে সংশ্লিষ্ট কমিটি ও দপ্তরগুলো পর্যায়ক্রমে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে। অনুষ্ঠানস্থল, নিবন্ধন, অনুষ্ঠানসূচি ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০২০ সালের ১১ জানুয়ারি। প্রথম সমাবর্তনে ২০০১-০২ থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত ১২টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।
প্রথম সমাবর্তনের পর দীর্ঘ সময় ধরে দ্বিতীয় সমাবর্তনের অপেক্ষায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা। ২০২৭ সালের ৩০ জানুয়ারি দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হলে সেই অপেক্ষার অবসান হবে। সমাবর্তনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের গ্র্যাজুয়েটদের শিক্ষাজীবনের অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হবে।
জ/রা